লন্ডন প্রতিনিধি: কক্সবাজার এ্যাসোসিয়েশন যুক্তরাজ্য আয়োজিত পিঠা উৎসব ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার, ১২ অক্টোবর দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পূর্ব লন্ডনের বার্নি কমিউনিটি সেন্টারে বর্ণীল অনুষ্ঠানের আয়োজন করা হয়। কক্সবাজারের ঐতিহ্য, সংস্কৃতি ও স্বাদে ভরপুর এই উৎসবে অংশগ্রহণ করেন যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী কক্সবাজারবাসী।
উৎসবস্থল লন্ডনের বার্নি হল যেন একখণ্ড কক্সবাজারে রূপ নেয়। পিঠা উৎসবে পরিবেশিত হয় কক্সবাজারের ঐতিহ্যবাহী নানা রকম পিঠা, গুরা পিঠা, সাচের পিঠা, তালের পিঠা, দুধচিতল, আতিক্যা, পুলি, বড়া পিঠা, নাড়ু, চটপটি, ভাপা পুলি সহ বিলুপ্তপ্রায় গ্রামবাংলার অনেক পিঠা। এসব পিঠা স্বাদ নিতে নিয়ে উপস্থিত অতিথিরা ফিরে যান শৈশবের স্মৃতিময় দিনগুলোয়। পিঠা পর্ব শেষে অতিথিদের জন্য পরিবেশন করা হয় ঘরোয়া পরিবেশে রান্না করা সুস্বাদু খাবার।
উৎসবের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় কক্সবাজার অ্যাসোসিয়েশন, যুক্তরাজ্যের বার্ষিক সাধারণ সভা। স্টিয়ারিং কমিটির সদস্য ব্যারিস্টার সরওয়ার কামাল নবনির্বাচিত এক্সিকিউটিভ কমিটির সভাপতি ফরিদুল আলম এবং সেক্রেটারি মোহাম্মাদ গিয়াস উদ্দিনকে উপস্থিত কক্সবাজারবাসীর সামনে পরিচয় করিয়ে দেন। ইতিপূর্বে এ দুইজন সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট এবং ফাউন্ডার সেক্রেটারি ছিলেন। কক্সবাজার এসোসিয়েশনের সদস্যদের স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে তারা পূণরায় নির্বাচিত হন। এ সময় ড.মোহাম্মাদ শফিউল্লাহকে নতুন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয় ।
অনুষ্ঠানে পূর্ববর্তী কমিটি এবং স্টিয়ারিং কমিটির অবদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। বিশেষ করে পিঠা ও খাবার পরিবেশনে অংশ নেয়া মহিলাদের প্রতি জানানো হয় বিশেষ কৃতজ্ঞতা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবগঠিত এক্সিকিউটিভ কমিটির সভাপতি ফরিদুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টিয়ারিং কমিটির সাবেক চেয়ারম্যান ফরিদ তৈয়ব, ব্যারিস্টার নুরুল গাফফার, দেলোয়ার হোসেন ও মোহাম্মদ আজাদ। সদ্য সাবেক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক সভাপতি সোহেল রানা শামিম, সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ বিন আজাদ, এবং বহুল পরিচিত টিভি শো চাটগাইয়া গফ এর প্রেজেন্টার ও টিভি২৪ বাংলা এর চেয়ারম্যান মোঃমাসুদুর রহমান।
সমাপনী বক্তব্য দেন স্টিয়ারিং কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. সাহেদ চৌধুরী। তিনি তার বক্তব্যে সকলের সহযোগিতায় সংগঠনের ঐক্য, ঐতিহ্য ও প্রবাসী কক্সবাজারবাসীর পারস্পরিক বন্ধন আরো দৃঢ় করার আহ্বান জানান।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই দিনব্যাপী অনুষ্ঠানটি প্রবাসী কক্সবাজারবাসীর সংস্কৃতি ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ।