আজ ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১৭
লন্ডনে প্রাণের ঝিনাইদহের উদ্যোগে পিঠা মেলা

লন্ডনে প্রাণের ঝিনাইদহের উদ্যোগে ৪২ ধরনের পিঠা নিয়ে বর্ণাঢ্য পিঠা মেলা

লন্ডন প্রতিনিধি:

প্রবাসের মাটিতে বাংলার ঐতিহ্য ও গ্রামবাংলার শীতের আমেজ ছড়িয়ে দিতে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ‘প্রাণের ঝিনাইদহ পিঠা মেলা ২০২৬’। ৪২ ধরনের দেশীয় পিঠার সমাহার, বাঙালির ঐতিহ্যবাহী খাবার এবং প্রবাসী ঝিনাইদহবাসীর মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন।

রোববার (২২ নভেম্বর) পূর্ব লন্ডনের ভিকারেজ লেনের কনজারভেটিভ ক্লাব হলে দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এই পিঠা উৎসব। পিঠা মেলায় স্থান পেয়েছিল বাংলার গ্রামাঞ্চলের নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা। ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, পুলি পিঠাসহ হরেক রকমের দেশীয় খাবারের আয়োজন ছিল দর্শনার্থীদের জন্য। পিঠার পাশাপাশি ছিল বিশেষ মধ্যাহ্নভোজের ব্যবস্থা। প্রবাসে থেকেও বাংলার চিরচেনা স্বাদ ও শীতের দিনের স্মৃতি ফিরে পেয়ে আনন্দিত হন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে ঝিনাইদহের প্রবাসী পরিবার, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। পরিবারের সদস্যদের পাশাপাশি নতুন প্রজন্মের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

আয়োজকদের মতে, এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য হলো প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও শেকড়ের পরিচয় তুলে ধরা। হাজার মাইল দূরে থেকেও নিজেদের জেলা, এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার একটি বিশেষ উপলক্ষ এই পিঠা মেলা।

দীর্ঘদিনের প্রস্তুতি ও আয়োজকদের অক্লান্ত পরিশ্রমে সফলভাবে সম্পন্ন হয় এই মিলনমেলা। আয়োজকরা জানান, বাংলাদেশের বাইরে ঝিনাইদহবাসীর অন্যতম বড় উৎসব ও মিলনমেলা হিসেবে এই আয়োজনকে তাঁরা গর্বের সঙ্গে দেখছেন। অনুষ্ঠান সফল করতে যারা সামনে থেকে এবং নেপথ্যে থেকে কাজ করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা। বিশেষভাবে স্পনসরদের পাশাপাশি ব্যারিস্টার মামুন, তুহিন, চমন, জসি, জিন্নাহ, ইকবাল, মেরি, মোস্তফা, মাফু, সোহেল ও মুজাহিদসহ সংশ্লিষ্ট সকল ভাই, ভাবী ও বোনদের অবদানের কথা উল্লেখ করেন অংশগ্রহণকারীরা। সেইসাথে উপস্থিত বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও সাংবাদিকদের সহযোগিতা ও আন্তরিকতার জন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান আয়োজকরা।

অংশগ্রহণকারীরা বলেন, পিঠা মেলার এমন আয়োজন প্রবাসে নিজেদের এলাকার মানুষের সঙ্গে দেখা-সাক্ষাৎ, ভাব বিনিময় এবং দেশীয় সংস্কৃতির চর্চার সুযোগ তৈরি করে। তাঁরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি পৌঁছে দেওয়ার প্রত্যয়ে প্রাণের ঝিনাইদহের এই উদ্যোগ যেন মনে করিয়ে দেয় যে মানুষ দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও হৃদয়ে বেঁচে থাকে বাংলাদেশ, বেঁচে থাকে নিজের শেকড়ের ভালোবাসা।

সর্বশেষ খবর

Scroll to Top