বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, ন্যায়বিচার, জবাবদিহিতা ও রাষ্ট্র সংস্কারের দাবিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে ইউরোপে সাংগঠনিক ও কূটনৈতিক কার্যক্রম শুরু করেছে ইনকিলাব মঞ্চ ইউকে। চার মাসব্যাপী ‘মার্চ ফর ইনসাফ – ইউরোপ’ কর্মসূচির প্রথম পর্ব শুরু হয় ফ্রান্সের প্যারিসে। সেখানে শত শত প্রবাসী বাংলাদেশির সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এ সময় শহিদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সংবিধান ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবিগুলো তুলে ধরা হয়।
প্যারিসের কর্মসূচির পর ইনকিলাব মঞ্চ ইউকে তাদের আন্তর্জাতিক অ্যাডভোকেসি কার্যক্রম নিয়ে পৌছে যায় জেনেভায়। সেখানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর OHCHR, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন OMCT ও আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশন FIDH এর কাছে লিখিতভাবে নিজেদের উদ্বেগ ও দাবিগুলো তুলে ধরে বৈঠকের আহ্বান জানানো হয়। চিঠিতে জুলাই ২০২৪ আন্দোলনের সময় এবং তার পূর্বে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতা, নির্যাতন, গুম, নির্বিচার আটক, ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
এরপর মিলানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে ‘মার্চ ফর ইনসাফ’ কার্যক্রম অব্যাহত রাখা হয়। ইউরোপের বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সরাসরি আলোচনা, সচেতনতা সৃষ্টি এবং বৃহত্তর সংহতি গড়ে তোলার উদ্যোগ নেয়া হচ্ছে।
ইনকিলাব মঞ্চ ইউকের এই ইউরোপ সফরে তিনটি প্রধান দাবি তুলে ধরা হচ্ছে, প্রথমত, শহিদ শরীফ ওসমান হাদি হত্যার পূর্ণাঙ্গ, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, ফেব্রুয়ারি ২০২৬ এর গণভোটে জনগণ যে গণতান্ত্রিক রায় দিয়েছে, বিশেষ করে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে, সেই রায়ের পূর্ণাঙ্গ, যথাযথ ও সময়বদ্ধ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, জনগণের অধিকার, জবাবদিহিতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় সংবিধান ও প্রাতিষ্ঠানিক সংস্কার কার্যকর করতে হবে।
ইনকিলাব মঞ্চ ইউকে জানিয়েছে, তাদের এই উদ্যোগ কোনো প্রতিহিংসার রাজনীতি নয়, বরং বিশ্বাসযোগ্য প্রমাণ, যথাযথ আইনি প্রক্রিয়া, ন্যায়বিচার এবং ভুক্তভোগীদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে একটি শান্তিপূর্ণ ও প্রমাণভিত্তিক আন্তর্জাতিক অ্যাডভোকেসি কার্যক্রম। ফ্রান্স থেকে শুরু হওয়া এই পথচলা জেনেভা হয়ে এখন মিলানে। এরপর লুক্সেমবার্গ, বেলজিয়াম, নেদারল্যান্ডস, প্যারিস হয়ে লন্ডনে এসে এই পর্বের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শেষ হবে।
ইনকিলাব মঞ্চ ইউকের লক্ষ্য শুধু প্রবাসী বাংলাদেশিদের কাছে পৌঁছানো নয়, বরং বাংলাদেশের মানুষের কণ্ঠস্বরকে ইউরোপের রাজপথ থেকে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক মহলের কাছে পৌঁছে দেয়া। আর সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন ইনকিলাব মঞ্চ ইউকের নেতৃবৃন্দ।