লন্ডন প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে লন্ডনের বেথনালগ্রীনের দেশি লাউঞ্জ রেষ্টুরেন্টে শনিবার ২৮ ফেব্রুয়ারি চাঁদপুর জেলা সমিতির উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান ও বিশেষ অতিথি ডেপুটি মেয়র মাইয়ুম মিয়া এবং মেয়র লুৎফুর রহমানের কৌশলগত উপদেষ্টা (Strategic Advisor, Ethnic Media) সাংবাদিক মুহাম্মদ জুবায়ের।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা সমিতির সভাপতি জসিম উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী। সার্বিক সহযোগিতায় ছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান, সোলাইমান প্রধান, ইমরান রহমান, স্মৃতি আজাদ, সলিসিটর কামরুজ্জামান, সোহেল আহামেদ , আশিক চৌধুরী, ফারজানা, ফজলে রাব্বি সহ সমিতির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টাওয়ার হ্যামলেটস মেয়র লুৎফুর রহমান কমিউনিটির সকলকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ কমিউনিটিই পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে। তিনি চাঁদপুর জেলা সমিতির সভাপতি, সেক্রেটারি এবং সংশ্লিষ্ট সকলকে এধরনের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। সমিতির সভাপতি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সাবেক সভাপতিগণ এবং অন্যান্য নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। সংগঠনের সভাপতি জসিমউদ্দিন তাঁর বক্তব্যে, চাঁদপুর জেলা সমিতির মূল লক্ষ্য তুলে ধরে বলেন, যুক্তরাজ্যে বসবাসরত চাঁদপুরবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করায় আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন, আমরা যেন আমাদের লক্ষ্যে অবিচল থাকতে পারি এটিই আমাদের প্রত্যাশা।
সকল মত ও পথের মানুষের ব্যপক উপস্থিতি অনুষ্ঠানটিকে মিলনমেলায় পরিণত করে এবং উপস্থিত অতিথিরা এমন আয়োজনকে কমিউনিটি সংহতির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন। বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করেন। দারুল উম্মাহ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাসনাত চৌধুরী দেশ, জাতিসহ বিশ্বের নির্যাতিত ও নিপীড়িত মানুষের জন্য় শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন। দোয়া শেষে উপস্থিত অতিথিরা সুস্বাদু ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।